”পুলিশ সপ্তাহ ২০২৬“ প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়ালি যুক্ত হলো ভোলা জেলা পুলিশ
মোঃ মেহেদী হাসান সুমন:
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আজ ১০ মে, ২০২৬ খ্রি. তারিখ থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে "পুলিশ সপ্তাহ ২০২৬”। সকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ ও বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণের মাধ্যমে এই সপ্তাহের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সারাদেশের সকল পুলিশ ইউনিটের ন্যায় ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে বড় পর্দায় প্রধানমন্ত্রীর এই "বিশেষ কল্যাণ সভা" সরাসরি সম্প্রচার করা হয়। উক্ত অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশের পক্ষে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্য ড্রিলশেডে উপস্থিত থেকে ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী তার ভাষণে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠান ও কল্যাণ সভা শেষে পুলিশ সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মেসসহ ভোলা জেলা পুলিশের সকল ইউনিটে (থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘বড় খানা’ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। জেলা পুলিশের সকল স্তরের সদস্যগণ এই আনন্দঘন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।