দৌলতখানে চলাচলের পথে টয়লেটের হাউজ নির্মান,বাঁধা দিলে হামলা, নারী সহ আহত ৪
জামাল খান, দৌলতখান:
ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। চলাচলের পথে অবৈধভাবে টয়লেটের হাউজ নির্মাণে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।রক্তাক্ত শরীর আর হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন ভুক্তভোগীরা। ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নজুমদ্দি রাড়ি বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অমানবিক হামলার শিকার হয়েছেন একটি পরিবার ৪ জন।স্থানীয়রা জানান, ভুক্তভোগী মোঃ হাসান আলীর সাথে প্রতিবেশী বাবুল গংদের জমি নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে বিরোধ চলে আসছিল। ১৩ই মে ২০২৬ বুধবার সকাল ৮টার দিকে বিবাদী পক্ষ হাসান আলীর পরিবারের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে জোরপূর্বক বাথরুমের হাউজ নির্মাণ শুরু করে।হাসান আলী এতে বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। তার চিৎকার শুনে বাঁচাতে এগিয়ে আসেন পরিবারের নারী সদস্যরা। কিন্তু হামলাকারীরা রেহাই দেয়নি তাদেরও। এই হামলায় মোঃ হাসান আলী, ইয়াসমিন, রোকসানা এবং আফরুজা বেগম আহত হন।ভুক্তভোগীর হাসান আলী বলেন -“আমরা ৫ বছর ধরে এই পথ দিয়ে চলি। তারা হঠাৎ জোর করে বাথরুমের হাউজ নির্মাণ শুরু করতে গেলে আমি বাধা দেই। তখন আমাকে আর আমার বাড়ির মহিলাদের ওপর জানোয়ারের মতো হামলা করে। ওরা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।আহতদের উদ্ধার করে দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত বাবুল গংরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যেই এই ঘটনায় হাসান আলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।