দৈনিক ভোলা টাইমস্
|
কৃষি দৌলতখান মনপুরা মৎস্য সর্বশেষ

দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ

দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ
  ষ্টাফ রিপোর্টার, দৈনিক ভোলা টাইমস্: ভোলার দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেল আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার তথ্য ছিল যে মেঘনা নদীপথ দিয়ে জ্বালানি তেলের একটি বড় চালান দৌলতখানে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ৯টার দিকে বহিঃনোঙর এলাকায় একটি জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে একটি ট্রলারে ২২ ব্যারেল ভর্তি জ্বালানি তেল নিয়ে মাঝদৌলতখান মাছঘাটের দিকে যাওয়ার সময় ট্রলারটি আটক করা হয়। পরবর্তীতে আটক ট্রলারটি উপজেলা লঞ্চঘাটে নিয়ে এসে পল্টনের সঙ্গে বাঁধা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত ৪ হাজার লিটার জ্বালানি তেল খুচরা বাজারে বিক্রির জন্য স্থানীয় ডিলারের কাছে সরকার নির্ধারিত মূল্যে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) শাওন মজুমদার সুমন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান পরিচালনা করে একটি ট্রলার থেকে ২২ ব্যারেল তেল জব্দ করেছে। তিনি আরও বলেন, আটক তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বাজারে সরবরাহ করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।