দুলারহাটে নিখোঁজ ৫ বছরের শিশু উদ্ধার, পিতা-মাতার কাছে ফিরিয়ে দিল পুলিশ
ভোলা প্রতিনিধি:
ভোলার দুলারহাট থানা পুলিশের দ্রুত ও তৎপর অভিযানে নিখোঁজ ৫ বছরের শিশু মোঃ ছাইমুনকে উদ্ধার করে তার পিতা-মাতার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের প্রকাশিত তথ্য থেকে জানাযায়- পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সুনির্দিষ্ট নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে দুলারহাট থানা পুলিশ এই সফল উদ্ধার অভিযান পরিচালনা করে। দুলারহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরীর তত্ত্বাবধানে এসআই মহিউদ্দিন আহমেদ ও তার সঙ্গীয় ফোর্স নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) মূলে তদন্ত শুরু করে। নিরলস প্রচেষ্টার পর শিশু মোঃ ছাইমুনকে (৫) উদ্ধার করা হয়। শিশুটি চর নুরুল আমিন ৩নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলাম লিটনের ছেলে। উদ্ধারের পর শিশুটিকে থানায় নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার পিতা কামরুল ইসলাম লিটন ও মাতা সুরমা আক্তারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানকে ফিরে পেয়ে শিশুর পরিবার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে।