দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান

দিঘির ঘাট থেকে কুমিরে টেনে নেওয়া কুকুরের ভাইরাল ভিডিও : অসত্য তথ্য দিয়ে ইন্টারনেটে তোলপাড়

দিঘির ঘাট থেকে কুমিরে টেনে নেওয়া কুকুরের ভাইরাল ভিডিও : অসত্য তথ্য দিয়ে ইন্টারনেটে তোলপাড়
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি করেছে। অনেকে দাবি করছেন, “কুকুরটির হাত-পা বেঁধে কুমিরের সামনে খাওয়ানোর জন্য ফেলে দেওয়া হয়েছে” — তবে এই দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। ঘটনাটি ঘটে গত বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকেলে। মাজারের দিঘির ঘাটে একটি অসুস্থ ও আক্রমণাত্মক কুকুর শিশু-নারীসহ কয়েকজনকে কামড় দেয়। পরে নিরাপত্তাপ্রহরী মো. ফোরকান হাওলাদারের পায়ে কামড় দিলে তিনি পা ঝাড়া দেন। এতে কুকুরটি পিচ্ছিল সিঁড়ি থেকে পানিতে পড়ে যায়। কুকুরটি ওঠার চেষ্টা করেও পারেনি। একপর্যায়ে দিঘিতে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে টেনে পানির নিচে নিয়ে যায়। এই দৃশ্য ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। প্রত্যক্ষদর্শী ও মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন, কুকুরটির হাত-পা বাঁধা ছিল না। ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনা। কুকুরটি আগেও কয়েকজনকে কামড় দিয়েছিল। মাজারের নিরাপত্তাপ্রহরী ফোরকান হাওলাদার বলেন, “কুকুরটি হঠাৎ আমার পায়ে কামড় দেয়। আমি পা ঝাড়া দিতেই সে পানিতে পড়ে। পরে কুমির তাকে ধরে নিয়ে যায়।” বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ভাইরাল ভিডিওটি নজরে আসায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কুকুরটি অসুস্থ ছিল এবং কেউ তাকে বেঁধে ফেলেনি। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “অসত্য তথ্য ছড়িয়ে মাজারের পবিত্রতা ক্ষুণ্ণ করা হচ্ছে। সবাইকে সঠিক তথ্য প্রচারের অনুরোধ জানাই।”