দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান কৃষি

তজুমদ্দিনে জাতীয় সংসদের স্পিকারকে গণ সংবর্ধনা

তজুমদ্দিনে জাতীয় সংসদের স্পিকারকে গণ সংবর্ধনা
    ভোলা টাইমস স্টাফ রিপোর্টার: ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রমকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টায় তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এই গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ড. অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, শাহাদাৎ হোসেন পাটওয়ারী, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানের আগে বিকেল ৪টায় স্পিকার উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সকল দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, “আমি সংবর্ধনা নিতে আসিনি, বরং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এসেছি।” তিনি ভোলা-৩ আসনের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন। তিনি আরও বলেন, ভোলা-৩ আসনের জনগণ সবসময় তাঁর পাশে ছিলেন এবং তাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন। উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফর। তিন দিনের এই সফরকে কেন্দ্র করে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।