ভোলার তজুমদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫টি চোরাই গরু, জালিয়াতি রশিদ ও খাজনা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সুনির্দিষ্ট নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে।
গতকাল শনিবার (২৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩:১০ ঘটিকায় তজুমদ্দিন থানাধীন বালিয়াকান্দি এলাকায় চৌমহনী বাজার রোডের পাকা রাস্তার উপর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ মোশারফ হোসেন মহসিন (৪৮), মোঃ মাকসুদ (৩৫), মোঃ রেজাউল (৪৫), মোঃ বাচ্চু (৩২) ও মোঃ সালাউদ্দিন (৪৮)। সবাই তজুমদ্দিন থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আসামিদের হেফাজত থেকে ৫টি চোরাই গরু, অবৈধভাবে তৈরি ৩টি জাল রশিদ এবং শশীগঞ্জ বাজার থেকে সংগৃহীত খাজনা আদায়ের ২টি রশিদ বই উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।