চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনৈতিক নেতা মাস্টার মহিউদ্দিন হাওলাদার জামিনে মুক্তি পেয়েছেন। গত ৫ মে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আফজাল হোসেন শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, ৪ মে তাঁকে একটি মামলায় আটক করে চরফ্যাশন থানা পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এ বিষয়ে চরফ্যাশন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়: মাস্টার মহিউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে একটি সি আর মামলায় (মামলা নং ৬৭২/২৫) গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয় এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে- মাস্টার মহিউদ্দিন হাওলাদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময় দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর আটক ও পরবর্তী জামিনকে কেন্দ্র করে চরফ্যাশনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
বিএনপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী দাবি করেছেন, প্রবীণ ও ত্যাগী নেতাদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগ নতুন নয়। তাঁদের ভাষ্য, অতীত রাজনৈতিক পরিস্থিতিতে নির্যাতনের শিকার নেতাদের বিরুদ্ধেই আবারও নানা অভিযোগ সামনে আসছে, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশার জন্ম দিচ্ছে।
এদিকে, স্থানীয় পর্যায়ে দলীয় অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও নানা আলোচনা চলছে। সাধারণ নেতাকর্মীদের একাংশের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা স্বার্থসংঘাতের কারণেও কিছু ত্যাগী নেতা চাপে পড়ছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ের এমন ঘটনা দলীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মনোবলেও এর প্রতিফলন দেখা দিতে পারে।