দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

ছাত্রীদের আপত্তিকর ছবি-ভিডিও টেলিগ্রামে বিক্রি, ভোলা থেকে দেড় লাখ ফুটেজসহ গ্রেপ্তার ৫

ছাত্রীদের আপত্তিকর ছবি-ভিডিও টেলিগ্রামে বিক্রি, ভোলা থেকে দেড় লাখ ফুটেজসহ গ্রেপ্তার ৫
  ষ্টাফ রিপোর্টার:
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের সংবেদনশীল ছবি ও ভিডিও সংগ্রহ করে টেলিগ্রামে বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব। উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, সম্প্রতি গণমাধ্যমে টেলিগ্রামভিত্তিক সাইবার ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত কনটেন্ট ছড়িয়ে দেওয়ার খবর প্রকাশিত হলে র‍্যাব অনুসন্ধানে নামে। তদন্তে একটি সুসংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায় যারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের টার্গেট করে আসছিল। এই চক্রটি মূলত ফেসবুক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি সংগ্রহ কিংবা শত্রুতাবশত ফাঁস হওয়া গোপন ভিডিও সংগ্রহ করে তা টেলিগ্রামের বিভিন্ন প্রাইভেট চ্যানেলে অর্থের বিনিময়ে বিক্রি করত।
অভিযানের বিস্তারিত জানিয়ে র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব-৮’র একটি দল ২৬ এপ্রিল দিবাগত রাতে ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেলের সন্ধান পাওয়া গেছে। এই সংঘবদ্ধ চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিল যার মাধ্যমে তারা নিয়মিত বাণিজ্যিকভাবে এসব কনটেন্ট সরবরাহ করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।