দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা! সাংবাদিক মহলে ক্ষোভ ও হুশিয়ারি।

চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা! সাংবাদিক মহলে ক্ষোভ ও হুশিয়ারি।
 
চরফ্যশন  প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের “হলুদ সাংবাদিক” ও “চাঁদাবাজ” আখ্যা দেওয়ার প্রতিবাদে প্রকাশিত কারণ দর্শানোর চিঠিকে কেন্দ্র করে ৭ সাংবাদিক ও এক বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হলে আদালত তা রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই চরফ্যাশনের সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে সমালোচনা চলছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন। সাংবাদিকদের অভিযোগ, সদ্য যোগদান করা ইউএনও’র পরিচিতি সভায় সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানানোয় পরিকল্পিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।