দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলচেষ্টা ও মারধরের অভিযোগ

চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
  ষ্টাফ রিপোর্ট: চরফ্যাশন পৌর শহরে একটি দোকানঘর দখলকে কেন্দ্র করে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। শুক্রবার (২৪ এপ্রিল) চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন দোকান মালিক মো. সালাম। লিখিত বক্তব্যে তিনি জানান, পৌর শহরের কাপড়িয়া পট্টিতে তার বাবার নামে একটি দোকানভিটা রয়েছে, যা তাদের পরিবার প্রায় ৫৫ বছর ধরে ভোগদখলে রেখে আসছে। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর আলমগীর মালতিয়া প্রভাব খাটিয়ে তাদের উচ্ছেদের চেষ্টা করেন এবং একপর্যায়ে দোকানটি তালাবদ্ধ করে দেন। তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের পর পুনরায় তারা দোকানটি নিজেদের দখলে নেন। তবে চলতি বছরের ৭ এপ্রিল আলমগীর মালতিয়া দোকানটির মালিকানা দাবি করে ভাড়াটিয়ার কাছে ভাড়া চান। ভাড়াটিয়া এতে অস্বীকৃতি জানালে তাকে অশালীন ভাষায় গালমন্দ করা হয়। মো. সালাম অভিযোগ করে বলেন, ঘটনার খবর পেয়ে তিনি সেখানে গেলে আলমগীর মালতিয়া তাকে বেধড়ক মারধর করেন। পরে তিনি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তবে অভিযোগ অস্বীকার করে আলমগীর মালতিয়া বলেন, তিনি একটি ষড়যন্ত্রের শিকার। তার দাবি, সংশ্লিষ্ট জমি তাদের দলিলকৃত সম্পত্তি। সরকার অধিগ্রহণ করে থাকলে তা সরকারি কাজে ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, একটি সুযোগসন্ধানী মহল বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজশ করে এসব ভিটি দখলের চেষ্টা করে। তিনি আরও বলেন, “আমি আইনগতভাবে বিষয়টির সমাধান চাই। আমি কারও কাছে চাঁদা দাবি করিনি।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।