দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভোলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভোলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় উৎসব
  ডেস্ক নিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ, প্রবীণ বিদায় ও খেলাধুলা উৎসব-২০২৬ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের কলম, ফুল, ক্রেস্ট, দিয়ে বরণ ও প্রবীনদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এসময় সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন সিফাতের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. অলি উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আল আমিন নোমান, আরিফ জুমান, মুসা কালিমুল্লাহ শাকিল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাসেলসহ সংগঠনের নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ। সেক্রেটারি এস এম শামীম বলেন, “আমরা ভোলা জেলার সন্তান। দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে পড়াশোনার জন্য গিয়ে আমরা জেলা কল্যাণের মাধ্যমে নিজেদের পরিচিতি গড়ে তুলি। তাই দল-মত ও রাজনৈতিক আদর্শকে একপাশে রেখে সকলের কল্যাণে কাজ করতে হবে। প্রতিহিংসাপরায়ণ আচরণ থেকে বিরত থাকলেই আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।” সভাপতি বিন ইয়ামিন সিফাত বলেন, “আমাদের জেলার শিক্ষার্থীদের আন্তরিকতা অন্যান্য জেলার তুলনায় অনন্য। ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি ইতোমধ্যে ভালো কার্যক্রম পরিচালনা করেছে। আশা করি ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে পারব। পরবর্তী কমিটির দায়িত্বশীলরা জেলার স্বকীয়তা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে।” প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড.অলি উল্লাহ বলেন,“আমরা দ্বীপ জেলার সন্তান। আমাদের আঞ্চলিক পরিচয় স্বতন্ত্র হলেও আমাদের ভ্রাতৃত্ব এক ও অভিন্ন। আমি আশা করি, আমাদের জেলা কল্যাণ সমিতি তার স্বকীয়তা বজায় রেখে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবে এবং এটিকে রাজনীতিমুক্ত রাখবে।”