অভাবের তাড়নায় ইউনিয়ন পরিষদে ৩ শিশুসন্তান রেখে উধাও মা
Newsroom Wednesday, 08 April, 2026 পড়ার সময়: 1 মিনিট 6 বার পঠিত
ডেস্ক নিউজ:
অভাব, অবহেলা আর ভাঙা সংসারের চাপে তিন শিশু সন্তানকে ইউনিয়ন পরিষদে রেখে উধাও হয়েছিলেন মা। দিনভর উৎকণ্ঠার পর সন্ধ্যায় খুঁজে পাওয়া যায় তাকে। প্রশাসন জানায়, সন্তানদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার (মুক্তা) জীবিকার ব্যবস্থা করা হবে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই মায়ের নাম মুক্তা বেগম (২৭)। তার স্বামী প্রায় এক বছর আগে দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে যান। এরপর থেকে তিনি স্ত্রী-সন্তানের কোনো খোঁজখবর নেননি। তিন সন্তান ৬ বছরের আরজিনি, ৩ বছরের আছিয়া ও সাত মাস বয়সী খাদিজাকে নিয়ে অভাব-অনটনে দিন কাটছিল মুক্তার। বুধবার সকালে সন্তানদের নিয়ে ইউনিয়ন পরিষদে আসেন তিনি। চেয়ারম্যান তাদের জন্য নাশতার ব্যবস্থা করেন। পরে পরিষদের দোতলার বারান্দায় শিশু তিনটিকে রেখে নিঃশব্দে সেখান থেকে চলে যান মুক্তা। কিছুক্ষণ পর শিশুদের কান্না শুনে পরিষদের লোকজন বিষয়টি টের পান। পরে মুক্তাকে খোঁজাখুঁজি শুরু হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় মুক্তাকে উদ্ধার করা হয়। মাকে ফিরে পেয়ে শিশুদের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। ইউপি সদস্য সাহিদা আক্তার পারুল বলেন, পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে মুক্তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, স্বামী আলাদা হয়ে যাওয়ার পর তিন সন্তান নিয়ে তিনি চরম অসহায় অবস্থায় ছিলেন। সেলাই মেশিনটিও চলে যাওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়। এ বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য নজরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়। পাশাপাশি ওই নারীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে।